
আকন্দ সোহাগ, নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল হোসেন তামিম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও সিনিয়র সহসভাপতি রকিব লিটন প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। প্রাণিসম্পদের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply